সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

মলাট


 

সম্পাদকীয়

          ৯৪৭ সালের ১৫ই আগস্ট রত্নগর্ভা ভারত-জননীর বীরসন্তানদের আত্ম বলিদানের ফলে আমরা স্বীকৃতি পেয়েছিলাম এক স্বাধীন রাষ্ট্র হিসেবে। অত্যাচারী ব্রিটিশের রক্তচক্ষুকে পরাভূত করে আমরা পেয়েছিলাম মুক্ত জীবনের উচ্ছ্বাস। আগস্ট মাস হল স্বাধীনতার মাস, আগস্ট মাস হল ত্যাগের মাস, আগস্ট মানেইতো বিজয়ের মাস, আবার আগস্ট মাস মানেই মহামিলনের মাস। তাই  আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর মনকে বারবার উদ্বেলিত করে তুলে। 

          তবে আজ অনেকেরই মনে এক লজ্জিত জিজ্ঞাসা ---- "প্রত্যেক ভারতবাসী কি পেয়েছেন সত্যিকারের স্বাধীনতা? এই স্বাধীনতা কি দিবালোকে বিবস্ত্র করার স্বাধীনতা?" স্বাধীন ভারতের অঙ্গরাজ্য মণিপুরের নির্মম ও জঘন্যতম ঘটনা প্রায় সকলেই অবগত। সে দিক থেকে বিচার করলে প্রকৃত স্বাধীনতা প্রশ্নচিহ্নের মুখে, হয়তো দাঁড়িয়ে আছে কাঠগড়ায়। 

        তারপরেও আগস্ট মাস আমাদের প্রাণের মাস।  আগস্ট মাস আমাদের মনে করিয়ে দেয়, ভারতের মুক্তিপথের সে সকল অগ্রদূতদের কথা, যাঁরা বহু রক্তের বিনিময়ে রক্তপিপাসু ইংরেজদের হাত থেকে ছিনিয়ে এনে আমাদের উপহার দিয়েছিলেন আমাদের কাঙ্খিত স্বাধীনতা।  উনাদের উদ্দেশ্যে নতশিরে সম্মান জানাতে প্রকাশিত হলো "সাহিত্য নয়ন"- এর "মুক্তকণ্ঠ" নামক এবারের সংখ্যা। গল্পকার শান্তনু মজুমদার মহাশয়ের অক্লান্ত পরিশ্রম এবং  কবি-লেখকদের লেখনী স্পর্শে পূর্ণতা পেল এই সংখ্যাটি। সর্বোপরি  সহৃদয় পাঠকদের অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পথের পাথেয়।  তাই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের  মতামতের অপেক্ষায় রইলাম। 



ধন্যবাদ ও অভিনন্দন সহ---

রাজেশ ভট্টাচার্য্য

সম্পাদক, সাহিত্য নয়ন

জ্যোতির্ময় রায়

 বন্ধুবৎসল

         ------জ্যোতির্ময় রায়


মৃত্যু আমাকে চিনেছে ভালোই

নিত্য রেখেছে নজরে । 

ঠিক সময়েই টেনে নেবে বুকে

থামবে না আপত্তি ওজরে ।। 

জন্ম থেকেই চিহ্নিত আমি

চিনে সে আমার ঠিকানা । 

কখন আসবে কাছেতে আমার

আছে তো তাহার জানা ।। 

আমিই চিনি না মৃত্যুটা কী

কী তার অবয়ব । 

শুধু দেখেছি কবর কিংবা 

চিতায় শায়িত শব ।। 

এটুকু ধরেছি জন্মমৃত্যু

পাশাপাশি পথ চলে । 

সঠিক সময়ে জীবন ছাড়ায়ে

মৃত্যুতে পড়ে ঢলে ।। 

জন্ম-মৃত্যু যুগলেই চলে

একক নয় তো কেউ  । 

জন্মের পরেই মৃত্যুঠিকানায়

আছড়ে পড়ে সে ঢেউ  ।। 

জন্মটা আমার সফেদ কাগজে

আগুন ফাগুনে যাওয়া

মৃত্যুটা আমার বন্ধু বৎসল

বৃহত্তমকে পাওয়া  ।।

কিশোর কুমার ভট্টাচার্য

 নীলের পরশ

        ------কিশোর কুমার ভট্টাচার্য 


ঐতো সেদিন নীলশাড়ি 

করে পরিধান,

বলেছিলে, চলো,চলো

যাবে কোন্ স্থান? 

আমি তো ভাবতেও পারিনি 

তুমি যে হঠাৎ করে 

পড়বে এসে আমার কাছে

দাঁড়িয়ে ফটো উঠবে 

আমার পাশে। 

নিজের দিকে দেখি চেয়ে  

কোন্ কাকতালীয় ঘটনায় 

আমার অঙ্গাবরণ নীল বর্ণের, 

তোমার শ্বেতাঙ্গে নীল 

আমার দৃষ্টিকে করলো 

দূর আকাশে স্থির। 

সকাল থেকেই সূর্যের মেজাজ

বড়োই দাপটি,

নীল আঁচলে দিলে ঢেকে আমার মাথাটি।

পেট্রোল পাম্পের সামনে 

রাস্তার মোড়ে 

আধপড়া কড়ই গাছের 

ছায়া ছিলো 

অপেক্ষায় বোধহয় 

কবে জানি হবে

নীল আর নীলার উদয়।

ছায়ায় দাঁড়াতেই 

কোথা থেকে এলো চলে একখানি ছোটখাটো যান

মন খানি গেলো উড়ে 

নারকেল কুঞ্জে,

চায় দেখতে 

ডম্বুরের মাঝখান।

নীল ডম্বুরের দোলা নীচে

উপরে নীলাকাশ 

সাদা মেঘের বিছানা 

মন উদাসী কেনো জানি না।

কী যে হলো জানিনে

আজো ভুলতে পারি নে

চারদিকে দেখি নীলের ছোঁয়া।




 রচনাকাল :- ৩০/৭/২০২৩, রবিবার।

অমল কুমার মাজি

 নেই-নেই-নেই

       -----অমল কুমার মাজি


পকেটে পয়সা নেই

বুকে ভালোবাসা নেই

ঠাম্মা দাদুরা নেই

আদর সোহাগ নেই

কপালে লটারি নেই

স্কুলে শিক্ষক নেই

এই আছি বেশ !!


নেতার সততা নেই

পাশ ফেল কিছু নেই

চাকরি-বাকরি নেই

চোরের অভাব নেই

মিথ্যার শেষ নেই

কোথাও শান্তি নেই

কি আজব দেশ !!


মন্ত্রীর দোষ নেই

ভাষণের শেষ নেই

মানুষের দাম নেই

ব্যবসায় লাভ নেই

শিল্পের আশা নেই

সঙ্গীতে সুর নেই

সব কিছু শেষ?


এর পরও কথা আছে

এখনও মানুষ আছে

এক বুক আশা আছে 

রাত শেষে ভোর আছে

অকুলেরও কূল আছে

শুনি সন্দেশ !!

রমেন্দ্র নাথ

 প্রেরণা

          ------রমেন্দ্র নাথ


তোমারি অনুপ্রেরণায়

এগিয়ে চলছি–

হয়তো তোমার মত 

সফলতার শিকড়ে 

যেতে পারবো না,

হয়তো বা 

তোমার অসীমতার সীমানা  পারবো না ছুঁতে,

যতটুকুই উৎসাহে 

এগিয়ে চলেছি

এটা আমার কাছে 

বিরাট প্রাপ্তি।

একটু একটু করে 

এগোতে যাক না কেটে 

শত -সহস্র বছর 

তবু আমি তো 

হবো না বুড়ো,

থাকবো 

তোমারই মতো কিশোর। 

পর্বতারোহী হয়ে

গুটি গুটি পায়ে 

যাব এগিয়ে। 

হয়তো বা 

নদী-ঝর্ণার মতো

দ্রুতগামী হবে না

আমার গতিবেগ, 

তবুও সৃষ্টিকর্মে

স্রষ্টার সবুজ সতেজ প্রেরণা, 

এটাই আমার কাছে 

বড় পাওনা।

হয়তো বা 

হতাশার তাপে

শুকিয়ে যাওয়া 

ভাবনাগুলি

ভাবনা হয়েই থেকেছিল!

যদিও কিছুটা 

সিক্ত হয়ে

ডানা মেলেছে , 

প্রেরণার আর্দ্রতায়,

এটাই বা কম কিসে?



রচনাকাল:-  20-07-2023

চিরশ্রী দেবনাথ

 নিঃশর্ত

         -----চিরশ্রী দেবনাথ



তুমি যাকে ভালবাসলে


আর তাকে দিতে চাইলে তোমার    ' না পাওয়া '


অবাক হয়ে দেখলে তার কাছে আছে শুধু    'হাহাকার '


বাধ্য হয়ে তুমিও কুড়িয়ে নিলে সেই  ' হাহাকার '


তারপর খাদের পাশে দাঁড়িয়ে দুজনে


কি ভয় ! কি ভয় ! 


যদি ফিরে আসে আরো বিকট শূন্যতা, 


ভীতু পাখির মতো নামানো চোখ শুধু বলে যাচ্ছে , "নিঃশর্ত, নিঃশর্ত "!

ভবানী বিশ্বাস

 স্মরণ

       -----ভবানী বিশ্বাস


রাখলে সবকিছুই থেকে যায়–


পূর্বপুরুষদের নাম করে

পিন্ড দিই– 

কৃষ্ণের নাম করে

নিজেকে রাধা সাজাই–

যেমন জলশুদ্ধির মন্ত্রচ্চারণে 

সাতটি নদীকে স্মরণ করি–


রাখলে স্মৃতিও কৃতজ্ঞ হয়–

মধুমিতা ভট্টাচার্য

 দেখেছি সূর্যোদয়

             ----- মধুমিতা ভট্টাচার্য


ভেবেছিলে ভেঙ্গেচুরে শেষ করে দেবে

 দিতে পারো নি,

মৃত্যু এসে ফিরে গেছে কয়েকবার,

গ্ৰিলের ফাঁক দিয়ে দেখেছি তোমার উঠোন থেকে

সূর্য নেমে গেছে,

 সারারাত জেগেছি….

 দেখেছি সূর্যোদয়।

শুধু….

ভেজা গামোছা থেকে জল টপ টপ করে পড়ছিল 

 চোখের কোণ ঘেঁসে।



রচনা কাল :- ১২/০৮/২৩

শান্তশ্রী মজুমদার

 স্মরণীয়া

  -----শান্তশ্রী মজুমদার, কৈলাসহর (শিক্ষিকা রামকৃষ্ণ মহাবিদ্যালয়) 


পুণ্যসলিলা মা গঙ্গার পবিত্র  জলধারা 

বয়ে চলেছে  হিমালয় থেকে বঙ্গভূমে।

বহু মুনি ঋষির তপোভূমি শান্ত সমাহিত ঋষিকেশ


প্রভাতে সূর্য রশ্মির প্রথম আলো থমকে গেলো

পুণ্যভূমি র গঙ্গার তীরে।

পঁচাত্তর  বছরের  এক অগ্নিকন্যার মৃতদেহকে 

পরম স্নেহে অবগাহন করাচ্ছে মুক্তিদায়িনী  মা গঙ্গা।


গঙ্গার পাড়ে  কৌতুহলী জনতার কোলাহল 

পুলিশে পুলিশে ছয়লাপ চারধার। 


কে এই নারী মৃতদেহ?কি তার পরিচয়?

হঠাৎ  অট্টহাসিতে ফেটে পড়লো মৃতদেহটি।

কন্ঠে তার ভয়ংকর  বিদ্রুপ!


আমি কে?এই নারী মৃতদেহ কার?


শোনরে,বিস্মৃত জাতি ----


আমি বীণা দাস, আমি অগ্নিকন্যা, আমি সশস্ত্র, অহিংস আন্দোলনের নীর্ভিক সৈনিক।

আমি বীণা দাস,আমিই  সেই বিপ্লবী-আমার 

পিতা, বেনী মাধব দাস,মাতা সরলা দাস।


আমার পিতা ছিলেন  নেতাজী সুভাষ চন্দ্রের শিক্ষক

আমি একুশ বছর বয়সী তাজা তরুণী 

আমি যুগান্তর দলের সদস্যা

আমিই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে 

পিস্তলের গুলি চালিয়েছিলাম, ব্রিটিশ  গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে।

তাই তো আমাকে নয়টি বছর কাটাতে হোল কালাপানির দীপান্তরে।


দেশ স্বাধীন হলো, আমি হলাম পশ্চিম বঙ্গের বিধানসভার সদস্য।


কিন্তু দেশ সেবার মন্ত্রে দীক্ষিত আমার মনন,চিন্তন

আবারো কাঁধে তুলে নিলাম নারী  শিক্ষার ভার।


হে আত্ম বিস্মৃত দেশবাসী, তোমরা আমায় মনে রাখোনি।

আজ যে বৃদ্ধার লাশ দেখছো কৌতুহল ভরে 

যে লাশ অবজ্ঞায় অবহেলায় পড়ে আছে গঙ্গা মায়ের কোলে। 

সে আর কেউ না, সে হোল অগ্নি কন্যা, নেতাজীর শিষ্যা 

বীণা দাস। 

কোন বেওয়ারিশ লাশ নয়!

অমলেন্দু চৌধুরী

 আমার মৃত্যু 

      ----অমলেন্দু চৌধুরী 


যখন আমি ভূমিষ্ট হলাম সদ্য প্রভাতে, 

এই সবুজ ঘরের আতুর ঘরে, 

আনন্দে মুখরিত আমার আগমনের পর, 

উলোধ্বনি, শঙ্খ বেজেছিল, 

মায়ের কোলে আমি এক নব রাজপুত্তুর, 

তখন সবাই হেসেছিল, 

কিন্তু আমি কেঁদেছিলাম। 

দিনে দিনে এসব রব, 

শৈশব কৈশোর যৌবনের পর সায়ন, 

আর আর সৃষ্টি মুখর আর 

এই তো আমার আনন্দ নিকেতন! 

তবে, দিন শেষে বিকেলে,

একদিন সবাই চলে গেলো, 

সবাই ভুলে গেলো, 

আমারও কিছুকিছু অগোছাল, 

আর রয়ে গেল যতো সব আয়োজন; 

কিন্তু, আমার প্রতীক্ষায় বসে আছে আমার প্রিয়জন, 

এই সত্য এই সত্য, 

আমার অন্তিম মুহূর্তে আমার বন্ধুবর, 

আমার যতো সাধ হলো শেষ, 

তার যে নেই কোন অবসাদ, 

যেতে হবে যেতে হবে, 

সে শুধু আমার প্রতীক্ষায়, 

আমার বন্ধু আমার মৃত্যু।

অর্চিতা ভট্টাচার্য

 আধুনিকতা

             -----অর্চিতা ভট্টাচার্য 

   

 এযাবৎ ,ভাতের ফ্যানে সুখ

উথলাতে দেখেছি বহুবার!

মা নিজের সমস্ত ক্লান্তি

দুহাত দিয়ে ঝেড়ে ফেলে

দুমুঠো ভাত হাতে নিতেই মুখে হাসি....


আমি মায়ের মুখের হাসিকে

ডাস্টার দিয়ে মুছে

কংক্রিট ও বালিতে সুখ খুঁজে 

নিয়ে আধুনিক হয়ে উঠি।

কণিকা দাস

 অর্ঘ্য 

      -----কণিকা দাস


যতবার এই পথ ধরে এগিয়ে চলি

যতবার ধসের পাশে এসে দাঁড়াই

ততবার আমার মনে জাগো তুমি নব নব রূপে।

বুকের ভেতর লাবডুব শব্দটা

তোমাকে আরো আপন করে নেওয়ার,

আরও ভালোবাসার আকুতি জানায়।

ঐ যে সাদা মেঘ ছুঁয়েছে তোমার কপোল

ঐ যে তিরতির ঝরে পড়ছে অভিমানী অশ্রু...

সেখানে ধ্যানে কাটাতে চাই কিছুটা সময়।

বিধ্বস্ত জীবনের হাহাকার পৌঁছে না কোন

সুখী মানুষের অন্তরমহলে।

ওরা তোমায় নিয়ে কাব্য করে, গান বাঁধে 

ওরা শুনতে পায়না তোমার দগ্ধ বুকের হাহাকার।

তোমার মাঝে দেখতে পাই 

আমার যন্ত্রণাঘন হৃদয়ের প্রতিচ্ছবি 

তাই বারবার ছুটে আসি তোমার স্নেহছায়ায়

বারবার তোমার ছোঁয়ায় নবজন্ম লাভ করি।

কুমকুম দে

 মেঘবৃষ্টির গল্প

         -----কুমকুম দে 


কান্নাগুলো ভীষণরকম দামি,

কান্না গুলো শুধুই একা আমার,

নাগাল পাওয়ার সময় গেছে চুরি,

মন পড়ার ইচ্ছে নেইকো তোমার।


আমি এখন বৃষ্টি বৃষ্টি নদী,

সময় হলে জল ছুঁয়ে দাও যদি,

দেখবে শুধুই ধু ধু মরুর বালি,

মুহূর্তরা খরা দেবে খালি।


ক্যাকটাস আর খেজুর কাঁটার বন,

দূর প্রবাসে ছুটন্ত এক মন,

পাহাড় ডিঙিয়ে ঝড় যদি এক আসে,

মেঘ বৃষ্টি এক হয়ে তবে মেশে।

সম্রাট শীল

 চাবুকের মতো চাপরায়

                  ------সম্রাট শীল


আমার বসে থাকায়

বাবার চোখে হতাশার

চিহ্ন ভেসে উঠতে দেখি।


একবুক মেঘ

গর্জন করে উঠে

ভয়ে আতকে উঠি,

যেন বজ্রের আঘাত

সারা শরীরে চাবুকের

মতো চাপরায়!

সংহিতা চৌধুরী

 আমি সেই মেয়েটা

               ----সংহিতা চৌধুরী


কপটতা মাকরসার রাজ্য দখলে সাম্রাজ্যের অধিকারী হয়

বাস্তবতা বাড়ি বদলে দ্বীপের এক কোনা বেছে নেয়, 


সম্পর্করা এক সুতোয় যন্ত্রনায় কাতর, ছিঁড়তে চায় অসামাজিক সম্পর্ক। 


পাঁকে পরে নদী ঘোলাটে হয়

অবশেষে যাত্রা শুরু এক নতুন নিয়মে। 


অভিমান, অভিযোগ দরজায় দাঁড়িয়ে, ওরা কিছু বলতে চায়। 

শকুনির সবকিছুই ব্যর্থ হয়


একদিন ধরা পড়ে, সব নষ্ট রাস্তায় চেপে যায়, 

ঘোড়ার চামড়া পিতল বর্ণের রূপ নেয়। 


আর কেউ নেই! 

বোকা, অপদস্থ আমি সেই মেয়েটা।

রূপালী দেবনাথ

 সত্ত্বা

      ----রূপালী দেবনাথ


লুকিয়ে জানার ইচ্ছায়

আয়নায় পড়েছি ধরা,

প্রতিনিয়ত ঢিল ছুঁড়েছো 

ফের, ভাঙা কাঁচে মুখ খুঁজেছি।

অনুভূতিদের বিষ খাইয়েছি,

মৃত্যু বার্তা -

আমকে যেন না পাও

হয়তো অতৃপ্ততায় মানুষ সুন্দর।

রাজকুমার ধর

 কবিতা 

    ---- রাজকুমার ধর 


কবিতা আমার সাথেই

তবু খুঁজে বেড়াই তাকে

সে আমাকে ডাকে

আমিও তাকে ডাকি

তার অনুভূতি জাগায় শিহরণ 

হৃদয়ের টানে 

তার হাত ধরে চলে যাই 

দূর থেকে দূরান্তে-

মহাসাগর থেকে মহাশূন্যে 

সাক্ষী কত যে চেনা-অচেনা দৃশ্য 

কত অণু-পরমাণু !

সুবল চক্রবর্তী

 অ আ ক খ

      -----সুবল চক্রবর্তী

      

না, ভয় নেই

এভাবে ইংরেজির তোড়ে 

ভাসিয়ে নিতে দেবো না

তোমাদের ।

শিশুর রাত ভেজা আদরের 

কাঁথার মতো তুলে রাখবো 

কাগজে কালো কালো অক্ষর।


যদিও এলোমেলো হাওয়া -

শুধু আমি নই, শত শত কবি

ঈশ্বরের খাজানা অ থেকে চন্দ্রবিন্দু

পৌঁছে দেবো প্রজন্মে

দুধদাঁত ওঠা সুবোধের কাছে।

উপমা বেগম

 খুব করে চাই

        -----উপমা বেগম


খুব করে চাই

কেউ একজন থাকুক,

হাসিতে বা কান্নায় মিশে

ভিড়ে বা জীবনের একাকিত্বে।

যাকে সবকিছু বলা যায়

হঠাৎ করে দূরে ঠেলা যায় ,আবার

কোন কারন ছাড়াই বুকে জড়িয়ে নেওয়া যায়।

খুব করে চাই

কেউ একজন থাকুক,

যাকে ভালোবাসা যায় কিংবা ঘৃণা ,

যাকে নিয়ে ঘর কুনো হওয়া যায়

অথবা হারিয়ে যাওয়া যায় দূর দূরান্তে-------

থাকবে না চিনা কেউ

শুধু থাকবে একজোড়া হাত খুব বিশ্বস্তের।

খুব করে চাই 

কেউ একজন থাকুক

যাকে কারণে-অকারণে জ্বালানো যায়,

যাকে মনে করে কেঁদে বুক ভাসানো যায়,

হঠাৎ সামনে আসলে হেসে বলা যায় ভালোবাসি।

যাকে নিয়ে একসাথে বৃদ্ধ হওয়া যায় মৃত্যু কামনায় 

অথবা চাই অমরত্ব। 

সত্যি খুব করে চাই কিন্তু কোথায় পাই।